পিরোজপুরে হারানো মোবাইল ও টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ সুপার

ডেক্স রিপোর্ট:
“জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। হারানো সম্পদ ফেরত দেওয়া শুধু দায়িত্ব পালন নয়, এটি মানবিকতার প্রতীক।” এমন মন্তব্য করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপারের সভাকক্ষে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা কর্তৃক উদ্ধারকৃত ২২টি মোবাইল ফোন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক উদ্ধারকৃত বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা সংশ্লিষ্ট ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, “যেকোনো হারানো জিনিস বা প্রতারণার ঘটনায় জনগণ যেন নির্ভয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আমরা প্রতিটি জিডিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করি।
” জানা যায়, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে—সদর থানা: ৭টি,ইন্দুরকানী থানা: ৫টি,মঠবাড়ীয়া থানা: ৩টি,নাজিরপুর থানা: ৫টি, ও নেছারাবাদ থানা: ২টি মোবাইল ফোন রয়েছে। অন্যদিকে, বিকাশ প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে থানায় রেকর্ডকৃত জিডির ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৮ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে ফিরিয়ে দেয়। হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পিরোজপুর জেলা পুলিশের এ ধরনের জনবান্ধব ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জিয়াউর রহমান, ওসি ডিবিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *