পিরোজপুরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
“জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। গণভোটের মাধ্যমে জনগণ তাদের রাষ্ট্রীয় মালিকানার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে অংশ নিয়ে দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এসব কথা বলেছেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারি পি.ই.আর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি, সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ এবং মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মুমিত চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন, গণভোটে অংশগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশীদারিত্ব প্রমাণিত হয়। দেশের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে গণভোটকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। কেউ গুজব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী বলেন, ভোট হচ্ছে জনগণের আমানত। দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে হলে গণভোটে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। গোলাপি ব্যালটে সচেতনভাবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদানের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারবে। তিনি সরকারিভাবে প্রচারিত ডকুমেন্টারি ও তথ্যপত্র মনোযোগ দিয়ে দেখার আহ্বান জানান।
তিনি আরও জানান, গণভোটে জনসচেতনতা বাড়াতে পিরোজপুর জেলা তথ্য অফিস বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। শিগগিরই একটি সাংস্কৃতিক দলের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে গণভোটের গান পরিবেশন করা হবে।
উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে কদমতলা বাজার এলাকায় চলচ্চিত্র প্রদর্শন, ভোটালাপ ও ‘টেন মিনিটস টক’ কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে গত ১২ ডিসেম্বর থেকে দুই মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৮টি স্থানে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, দেড়শত ইউনিটে রিকশাযোগে সড়ক প্রচার, প্রায় ৭৫টির বেশি ভোটালাপ এবং অর্ধশতাধিক ক্ষুদ্র সংলাপ আয়োজন করা হয়েছে।
এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ কর্মসূচির আওতায় নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলায় কার্যক্রম চালানো হয়েছে। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জেলার আরও পাঁচ উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা এবং গণযোগাযোগ অধিদপ্তরের পরামর্শক্রমে দেশের ৬৪টি জেলা তথ্য অফিস ও ৪টি উপজেলা তথ্য অফিস আগামী নির্বাচন পর্যন্ত গণভোটে উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে।

