শেরপুর–২ আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন আপিলেও স্থগিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগেও স্থগিত রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় সোমবার (১২ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের শুনানিতে এ সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকার নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট–২ এ টানা তৃতীয় দিনের শুনানি শেষে ইসি এ সিদ্ধান্তের কথা জানায়।
এর আগে গত ৩ জানুয়ারি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র প্রথমে স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করেন। পরে মনোনয়ন ফিরে পেতে গত ৯ জানুয়ারি তিনি আপিল করেন।
সোমবার আপিল বিভাগের শুনানিতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় তার প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ১৬ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন ফাহিম চৌধুরী। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র দাখিল করতে ব্যার্থ হলে তার মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করা হবে।
এ বিষয়ে জানতে শেরপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

