ফুলপুরে শ্রমিক ও পরিবহন মালিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হাসান সুজন বলেছেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ তারা সবসময় অবহেলিত থাকে। বিশেষ করে পরিবহন খাতের চালক ও মালিকরা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করেন। ফুলপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপজেলার বিভিন্ন রুটের গাড়ীর চালক ও মালিকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
আনোয়ার হাসান সুজন তার বক্তব্যে আরও বলেন, আগামী দিনে একটি ইনসাফ কায়েমের মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করে মালিক ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক বজায় রাখতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
উপজেলা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক ও মালিক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শ্রমিকদের কল্যাণে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

