জামালপুরে কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।

জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৪০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) সকালে কারাগার থেকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গত বছরের ১১ ডিসেম্বর থেকে সুলতান শেখ কারাবন্দী ছিলেন। শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত হয়ে তাকে এর আগেও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার (১০ জানুয়ারী) সকালে প্রচণ্ড শীতে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদী সুলতান শেখ শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *