বিড়ি’তে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে কথা বললে আল্লাহ মাফ করতে পারেন—ড. ফয়জুল হক

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, একজন মানুষ জীবনে হয়তো খুব বেশি ইবাদত করার সুযোগ পায়নি, কিন্তু যদি সে সাধারণ কথাবার্তার মাঝে ও বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে মানুষকে দাওয়াত দেয়, তাহলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন।
গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যটি পরে “Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh” নামের একটি ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয় এবং বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
ড. ফয়জুল হক বলেন,
“আপনারা তো প্রতিদিনই বিড়ি খান। দোকানে গিয়ে বিড়ি ধরাতে ধরাতে যদি গল্পের ছলে বলেন—দেশের অবস্থা তো দেখছেন, দাঁড়িপাল্লা ছাড়া আর মানুষের পক্ষে কে আছে—তাতেই মানুষের মনে একটা কথা ঢুকে যাবে। আমি এসব বলি গল্পের ছলে, যেন শুনে আপনাদের ভালো লাগে।”
তিনি আরও বলেন,
“হয়তো কেউ সারাজীবন ইবাদতের সুযোগ পায়নি। কিন্তু যদি সে ওই বিড়ির সুখটানের মাঝেও দাঁড়িপাল্লার দাওয়াত দেয়, তাহলে আল্লাহ চাইলে তার আগের সব ভুলত্রুটি মাফ করে দিতে পারেন এবং তাকেও ভালো মানুষ বানাতে পারেন।”
পুরুষ ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“এখন থেকে ৫ টাকার চা খাবেন, আর ১৫ টাকার গল্প করবেন। চায়ের দোকানে বলবেন—সব জায়গায় তো দেখি ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার। এই কথা বললেই আশপাশের আরও কয়েকজন একই সুরে কথা বলবে।”
নারী ভোটারদের উদ্দেশে ড. ফয়জুল হক বলেন,
“ভোটের রাতে ঘুমাবেন না। ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর ঘরে ভালো খাবার রান্না করবেন, স্বামীকে আদর-যত্ন করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।”
তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের নৈতিক ও আদর্শিক পরিবর্তন সম্ভব, আর সে পরিবর্তনের মাধ্যম হতে পারে দাঁড়িপাল্লা প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *