প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান
সেখ রাসেল, দপ্তর সম্পাদক: স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা আর নয়। কোনোভাবেই ৫ আগস্টের আগের পরিস্থিতিতে যেতে চাই না। আমাদের মাঝে মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়। আলোচনার টেবিলে বসে যেকোনো বিষয়ে কথা হতে পারে। বিভেদের পরিণতি কখনোই ভালো হয় না।’
যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেছেন, এক্ষেত্রে মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে, সেটা আমরা দেখেছি চব্বিশের ৫ আগস্ট। মতপার্থক্য যাতে মতবিভেদ না হয়ে যায়, বিভেদের কারণ না হয়। সবাই মিলে কাজ করতে হবে। তিনি বলেন, অতীতে বিভেদের রাজনীতি জাতিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তার অভিজ্ঞতা সবার জানা। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তিনি বলেন, আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। আমরা অবশ্যই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। তারেক রহমান বলেন, আমি একটি রাজনৈতিক দলের কর্মী। আগামী ২২ তারিখ থেকে আমাদের সব (নির্বাচনী প্রচার-প্রচারণা) নিয়ে জনগণের কাছে যাবো।
সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন।

