পিরোজপুর সদর উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক আবু সাঈদ ঘর হস্তান্তর ও উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
বুধবার (০৭ জানুয়ারি) পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ পিরোজপুর সদর উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, ভূমি সেবা সহায়তা কেন্দ্রসহ একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত দুস্থ ব্যক্তিদের জন্য নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।
একই দিনে জেলা প্রশাসক পিরোজপুর সদর উপজেলা পরিষদ লাইব্রেরি, অফিসার্স ক্লাব, ত্রাণ গোডাউন এবং বিশুদ্ধ পানি (পিএসএফ) সরবরাহ প্লান্টের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে তরমুজের বীজ, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন,
“সরকারের লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। ঘরহীন মানুষের জন্য ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা ও কৃষিতে সহায়তা—সবকিছুই টেকসই উন্নয়নের অংশ। আমরা চাই, কেউ পিছিয়ে না থাকুক।”
তিনি আরও বলেন,
“প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জনগণের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সেবা দিলে মানুষের আস্থা বাড়বে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”
তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান—সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের হাতেই পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমীন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসানসহ উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *