চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ব্যবসায়ীকে ২ লাখ জরিমানা
মোঃ জাবেদ হোসেনঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে অভিযান পরিচালনা করে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
এসময় সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসের বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা টানানো এবং ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে স্টেডিয়াম রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেয়াদ উত্তীর্ণ মোবিল বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহার করে মোড়কজাত করার অপরাধে আলম ব্রাদার্সের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এসময় নকল স্টিকার ও মেয়াদ উত্তীর্ণ মবিল ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এসময় যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

