পিরোজপুরে মাদকবিরোধী প্রচারণামূলক ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬।
সোমবার (৫ জানুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের আয়োজনে পিরোজপুর টাউন ক্লাব (ভলিবল এবং অফিসার্স ক্লাব প্লে-গ্রাউন্ডে ব্যাডমিন্টন) মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল এবং জেলা ক্রীড়া অফিসার কৌশিক মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন,
“মাদক থেকে দূরে রাখতে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ। ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এই টুর্নামেন্টে জেলার সাবেক ক্রিকেটার, খ্যাতনামা খেলোয়াড়, ক্রীড়ানুরাগী, ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
ভলিবল টুর্নামেন্টে পিরোজপুর টাউন ক্লাব ভলিবল দল, পাড়েরহাট ভলিবল দল, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি ভলিবল দল এবং ভলিবল কল্যাণ সমিতি—মোট ৪টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় পিরোজপুর টাউন ক্লাব ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখে সমাজকে মাদকমুক্ত করার প্রচেষ্টা জোরদার করা হবে।

