রামদাসদীতে চুরি: স্বর্ণালংকার ও নগদ অর্থ, আতঙ্কে এলাকাবাসী
স্টাফ রিপোটারঃ চাঁদপুর সদর উপজেলা লক্ষীপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড রামদাসদী হাজী হাশেম খান বাড়ি, স্বাস্থ্য ক্লিনিকের পাশে মোঃ এমরান হোসেন খানের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালার লোহার রড ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও দামী জিনিসপত্র নিয়ে গেছে।
ভুক্তভোগী মোঃ এমরান হোসেন খাঁনের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দুই দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে যান। ৩ জানুয়ারি দুপুরে বাসায় ফিরে তিনি ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং জানালার রড ভাঙা অবস্থায় পাওয়া যায়।
এ সময় ঘর থেকে প্রায় ২ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকাসহ অন্যান্য দামী মালামাল চুরি হয়েছে বলে জানান এমরানের স্ত্রী।
এলাকাবাসী জানান, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, যুব সমাজের একটি অংশ নেশাজাত দ্রব্যে জড়িয়ে পড়ায় এসব অপরাধ বাড়ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিয়মিত টহল ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

