পিরোজপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর :
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজসেবা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক আন্দোলন। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, জেলা হাসপাতাল সমাজসেবা অফিসার মোঃ মহিউদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আল মামুন এবং পিরোজপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দিবসটি পালনের মাধ্যমে সমাজসেবার প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল।

