পিরোজপুরের তিন সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পিরোজপুর-৩ আসনের দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে পরবর্তীতে মনোনয়ন বৈধতা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে পৃথক সময়ে তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যাচাই-বাছাইয়ে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া পিরোজপুর-৩ আসনের জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় সেগুলো দাখিল সাপেক্ষে পরবর্তীতে মনোনয়ন বৈধতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে পিরোজপুর-১ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামী প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

