ঝিনাইদহের চার আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন ২৩ প্রার্থীর বৈধতা, ৪ জনের মনোনয়ন বাতিল

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসারের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে ঝিনাইদহ-১, ২, ৩ ও ৪ আসনে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
ঝিনাইদহ-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ও ১ জনের মনোনয়ন বাতিল করা হয়। ঋণখেলাপি থাকা এবং সম্ভাব্য ব্যয় বিবরণী ও আয়কর প্রত্যয়নপত্র না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলম বিশ্বাসের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
ঝিনাইদহ-২ আসনে দাখিলকৃত ৬ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
অন্যদিকে ঝিনাইদহ-৪ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে ত্রুটি পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে একজন প্রার্থী নিজেই মনোনয়ন প্রত্যাহার করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, যাচাই-বাছাই কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *