পিরোজপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পিরোজপুর টাউন ক্লাব মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাবঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া এক সময় বলেছিলেন— “আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু হবে।” তাঁর এই বক্তব্যই প্রমাণ করে দেশ ও মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা।
তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের একজন অভিভাবকতুল্য নেত্রী। জাতি আজ একজন অভিভাবককে হারিয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলকে প্রতি ওয়াক্ত নামাজ শেষে দোয়া করার আহ্বান জানান বক্তারা।
দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *