খালিয়াজুরীতে আওয়ামী লীগের নেতা দেখিয়ে জামায়াত কর্মীকে গ্রেফতার
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রাম থেকে জামায়াতে ইসলামীর এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ রোমান মিয়া (২৫)। তিনি পাঁচহাট গ্রামের সাহেব আলীর ছেলে এবং স্থানীয় পাঁচহাট বাজারে অবস্থিত ‘বিসমিল্লাহ মেডিকেল হল’ নামের একটি ফার্মেসির মালিক।
খালিয়াজুরী থানা পুলিশ জানায়, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পাঁচহাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করেছে, ২০২৫ সালের একটি রাজনৈতিক মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতারকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করেছে খালিয়াজুরী উপজেলা জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন বলেন, রোমান মিয়া ২০২৪ সালের ৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অথচ তাকে ২০২৫ সালের ২ জুলাই দায়ের করা আওয়ামী লীগের বিরুদ্ধে করা একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, যেখানে তার নাম এজাহারে নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের পক্ষে রোমান মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। সেই কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং একটি বিশেষ দলের পক্ষে সুবিধা তৈরির উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জামায়াতের দাবি। মাওলানা ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও এভাবে জামায়াতের কর্মীদের গ্রেফতার করা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পুলিশ প্রশাসনকে জামায়াতের কর্মীদের আওয়ামী লীগের লোক হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের নির্বাচনের মতোই প্রশ্নবিদ্ধ হবে। সে ক্ষেত্রে পুলিশসহ প্রশাসনের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন। এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দীন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “২০২৫ সালের একটি রাজনৈতিক মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।” ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

