মতলব দক্ষিণ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
মোঃ খোরশেদ আলম চাঁদপুর সংবাদদাতাঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা কমান্ডের অনুমোদনে মতলব দক্ষিণ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আমির খশরুকে আহ্বায়ক এবং মোঃ মুজাহিদুল ইসলাম কিরনকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য তারিখ থেকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সমন্বয়ে ২১/৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা আহ্বায়ক কমিটির নিকট প্রেরণ করতে হবে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম-কানুন মেনে সংগঠন পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, অনুমোদিত কমিটির কোনো ব্যক্তি যদি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গঠনতন্ত্র পরিপন্থী বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে ওই কমিটি বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা কমান্ড এ কমিটি পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পত্র জারির ৭ দিনের মধ্যে কমিটির সদস্যদের নিয়ে একটি পরিচিতি সভা আয়োজন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা কমান্ডের সদস্য সচিব মোঃ জাকির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

