বিয়ে করেছেন ডাকসু নেত্রী সানজিদা তন্বী, বর কে

ঢাকা স্টাফ রিপোটার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই শুভ সংবাদ ভাগ করে নেন। জানা যায়, তন্বীর জীবনসঙ্গী জিহাদ আবদুল্লাহ পেশায় একজন সাংবাদিক। তাদের বিয়ের খবরে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের আমেজ।
সামাজিক মাধ্যম ফেসবুকে তন্বী তাদের সম্পর্কের গভীরতা ও ভবিষ্যৎ পথচলার প্রতিশ্রুতি ব্যক্ত করে লেখেন, “কিছু কিছু বন্ধন এত সহজভাবে তৈরি হয় যে মনে হয় সবটাই যেন আগে থেকে ঠিক করা ছিল। আমাদের প্রথম আড্ডা থেকে শুরু করে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া—সেই সাধারণ মুহূর্তগুলোতেই কখন যে মনের অজান্তে অনেক স্মৃতি জমিয়ে ফেলেছিলাম।”
এসময় বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, “পরিস্থিতি যাই হোক না কেন, তুমি পাশে থাকবেই—এই বিশ্বাসটা আমার কাছে অনেক বড় শক্তি। জীবনের বাকিটা সময় প্রতিটি দিন আমি শুধু তোমাকেই বেছে নেব।”
উল্লেখ্য, সানজিদা আহমেদ তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে বরাবরই সোচ্চার ছিলেন। ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর তাঁর রক্তমাখা মুখচ্ছবির একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, যা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে আরও বেগবান করতে অনুপ্রেরণা যুগিয়েছিল।
প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেকর্ড ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়লাভ করেছিলেন সানজিদা তন্বী। মেধা ও সাহসিকতার জন্য ক্যাম্পাসে অত্যন্ত জনপ্রিয় এই নেত্রীর নতুন জীবনের সূচনায় শুভকামনা জানিয়েছেন তার সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *