পিরোজপুরে মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের আহ্বান
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, “মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়—এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
পিরোজপুর সদর আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাফিন আহমেদ বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম জোরদার করতে হবে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়তে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।”
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আলী হোসেন বলেন, “কারিগরি শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা মাদকের মতো ধ্বংসাত্মক পথ থেকে দূরে থাকবে।”
সেমিনারে বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।

