এবারের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে তারেক রহমানকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে আমরা জয়ী হব।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তারেক রহমান কে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান। এই গণতন্ত্র উত্তরণে সবচেয়ে কঠিন পথ আমরা পাড়ি দিয়েছি তার নেতৃত্বে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তারেক রহমান এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র, আইনের শাসনের প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের তারেক রহামনের ৩১ দফাকে বাস্তবায়ন করতে পারি। এর আগে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের বিজি-২০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বিকেল পৌনে ৪টার দিকে সংবর্ধনাস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দেন। তারও আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথরো বিমানবন্দরে পৌঁছান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হয়েছিলেন অগণিত নেতাকর্মী। তারেক রহমানও বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে দলের নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন। সবকিছুর জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান নিজের ফেসবুকে দেওয়া পোস্টে লেখেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।’ লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *