যার কাছে দেশ, স্বাধীনতা ও ইসলাম নিরাপদ—তার হাতেই আসুক রাষ্ট্রের ক্ষমতা — পীর সাহেব ছারছীনা দরবার মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,

স্টাফ রিপোর্টার:
আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, “রাষ্ট্রের শাসন ক্ষমতা এমন যোগ্য ব্যক্তির হাতে আসা উচিত, যিনি দেশ, স্বাধীনতা ও ইসলামের মর্যাদা রক্ষা করতে পারবেন। তাই যার কাছে দেশ, স্বাধীনতা ও ইসলাম নিরাপদ—এই দেশের শাসন ক্ষমতা যেন আল্লাহ পাক তাঁর হাতেই ন্যস্ত করেন।”
তিনি সোমবার (২২ ডিসেম্বর) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর আয়োজনে ছোট টেংরা খানকার ছালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত ২৭তম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পীর সাহেব তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তি জীবনে নৈতিকতা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামের সুশীতল ছায়াতলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সকল নেতৃত্বের মূল লক্ষ্য হওয়া উচিত।
পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তোহা কাজীর সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক এবং হযরত পীর সাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *