সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় মতলব পেন্নাই–কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি মতলব পেন্নাই ও কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক। অথচ প্রতিদিন সন্ধ্যা হলেই এই সড়কে নেমে আসে ঘন অন্ধকার। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় যানবাহন চালক ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি থাকলেও কোনো ল্যাম্পপোস্ট বা কার্যকর বাতি নেই। ফলে রাতের বেলায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
এলাকাবাসী আরও জানান, এই সড়কটি চাঁদপুর জেলার অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, রিকশাসহ অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অন্ধকারের সুযোগে মাদকসেবীদের আড্ডাও বসছে, যা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।
পথচারীরা বলেন, সন্ধ্যার পর এই সড়ক দিয়ে চলাচল করতে তারা আতঙ্ক অনুভব করেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কবাতি স্থাপন ও আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *