এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, হাসপাতালে ভর্তি
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী এবং কেন্দ্রীয় শ্রমিক শক্তি সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার সোনাডাঙ্গা আবাসিক এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, তার কানে গুলি লেগেছে। পরে মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে সার্জারি বিভাগের ইউনিট ৯ ও ১০-এ ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে সোমবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানিয়েছেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’ সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল জানিয়েছেন, ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

