পিরোজপুরে দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার : পিরোজপুর দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) পিরোজপুর – খুলনা আঞ্চলিক ( বাইপাস) মহা সড়কে দি চেম্বার অপ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে মোট ৩১ জন প্রার্থী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৮৭ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ২১ জন প্রার্থী পরিচালক পদে নির্বাচিত হন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা। বোর্ডের সদস্য ছিলেন অ্যাডভোকেট খায়রুল বাশার শামীম ও অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান।
নির্বাচিত পরিচালকরা হলেন—
মোঃ মেহেদী হাসান, এস এম সাইদুল ইসলাম কিসমত, মোঃ হারুন আর রশীদ, রতন কুমার গড়াই, মোঃ আহসানুল কবির, এমদাদুল হক মাসুদ, মোঃ আরিফুল হক, মোঃ মাহাতাব উদ্দিন রিপন, গাজী ওয়াহিদুজ্জামান, গৌরঙ্গ দাস, মোঃ রাসেল আকন, এ কে এম আখতারুজ্জামান মাছুম, শেখ রুবেল, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, গাজী কামরুজ্জামান শুভ্র, মোঃ তারেক আহমেদ, মোঃ মিজানুর রহমান শরীফ, মোঃ ইব্রাহিম শেখ, মোঃ সোহাগ ফকির, মোঃ আনিস রায়হান ও মোঃ জাহিদুল ইসলাম।
আগামী ২৩ ডিসেম্বর নবনির্বাচিত ২১ জন পরিচালকের ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নবনির্বাচিত পরিচালক এ কে এম আখতারুজ্জামান মাছুম বলেন, “উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের ওপর সদস্যরা যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “পিরোজপুরকে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে নিতে এবং একটি সম্ভাবনাময় শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বেকারত্ব দূরীকরণ, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করাই হবে নতুন কমিটির বড় চ্যালেঞ্জ।”
শেষে নবনির্বাচিত পরিচালকবৃন্দ নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

