জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন না করায় প্রশ্নের মুখে পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবসে পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন না করাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ হিসেবে ব্যাখ্যা করেছে, তবুও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে।
দুপুর ২টা ১৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত নিরাপত্তা কর্মী মো. পারভেজ ইসলাম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
ঘটনার ব্যাখ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (ফিন্যান্স) আরাফাত হোসেন বলেন,
“বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় ভুলবশত নিরাপত্তা কর্মী জাতীয় পতাকা উত্তোলন করেননি।”
তবে স্থানীয় কয়েকজন সচেতন নাগরিকের দাবি, প্রশাসনের অনীহার কারণেই জাতীয় শোক দিবসের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিনে পতাকা উত্তোলন করা হয়নি।
একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের মতো রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনিক দায়বদ্ধতা ও দায়িত্ব পালনের বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত ও সুস্পষ্ট ব্যাখ্যার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
এদিকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিষয়টি প্রকাশ্যে এলে তড়িঘড়ি করে দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *