ঝিনাইদহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা – ঝিনাইদহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার সময় শহরের পায়রা চত্বরে বাদ জুমা এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. সাইদুর রহমান জানাজার ইমামতি করেন। জানাজা চলাকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংস ঘটনায় নিহতদের স্মরণ করা হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আমীর ডা. এইচ এম মোমতাজুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি আরিফুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীসহ জুলাই গণহত্যায় নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা নিহতদের স্মরণে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।##

