পিরোজপুরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল হাই মল্লিক। তিনি তার বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে যুবসমাজকে সচেতন ও সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। পরিবার থেকেই মাদক প্রতিরোধের উদ্যোগ নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিনুল হক এবং প্রশিক্ষক সর্বানী রাণী সাহা। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুবসমাজকে যুক্ত করতে পারলেই একটি মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
বক্তারা সবাই মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

