মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মোঃ জাবেদ হোসেনঃ মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এক গৌরবোজ্জ্বল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মোশফিকুর রহমান, পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা ১৮ জন জীবিত ও ৪২ জন প্রয়াত—মোট ৬০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়। তাঁদের ত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। জেলা পুলিশ সবসময় তাঁদের পাশে থাকবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে নিয়ে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন পুলিশ সুপার। এ সময় তিনি বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *