চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত আরও ২
মোঃ জাবেদ হোসেন, চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ফজরের নামাজ শেষে বাজারে মাছ কিনতে যাওয়ার পথে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রোমান ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহত দুইজন হলেন— একই গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) এবং আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)। তারা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায়ের পর চরকুমিরা চিশতিয়া জামে মসজিদ থেকে পায়ে হেঁটে ভাটিয়ালপুর বাজারের দিকে যাচ্ছিলেন রোমান ও তার দুই সঙ্গী। শীতল পাটোয়ারি বাড়ির সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কাভার্ড ভ্যানসহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী ইকরাম (২৩) কে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা দু’জনই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে বরিশালের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, “কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক-হেলপারকে আটক রাখা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

