মতলব–পেন্নাই সড়কের অংশ জেলা পরিষদের খালে বিলীন যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের মতলব–পেন্নাই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কিন্তু সড়কের একাধিক স্থানে মাটি ধসে রাস্তার অংশ খালে বিলীন হয়ে যাওয়ায় এখন এটি পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ পথে। বিশেষ করে মুন্সি হাট থেকে বরদিয়া আড়ং বাজার পর্যন্ত প্রায় পুরো অংশই এখন বড় ধরনের দুর্ঘটনার অপেক্ষায় রয়েছে।
গত ৯ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়—সড়কের বামপাশ ঘেঁষে থাকা জেলা পরিষদের খালে মাটি সরে গিয়ে বেশ কয়েকটি স্থানে বড় ফাঁটল দেখা দিয়েছে। কোথাও কোথাও রাস্তার অংশ প্রায় অর্ধেক পর্যন্ত খালে ধসে পড়েছে। ছবি থেকেও দেখা যায়, সড়কের পাশটি ফাঁকা হয়ে গর্ত তৈরি হয়েছে এবং তার পাশে লাল কাপড় টাঙিয়ে স্থানীয়রা সতর্কতা চিহ্ন হিসেবে রেখে দিয়েছেন।
এদিকে সড়কটি দিয়ে প্রাইভেটকার, বাস, সিএনজি, মোটরসাইকেল, ইজিবাইকসহ নানান যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। সড়কের বিপজ্জনক অবস্থা সম্পর্কে অনেকেই অজ্ঞাত, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
এক পথচারী জানান—এখানে রাস্তার পাশটা আস্তে আস্তে ধসে পড়ছে। কয়েকদিন আগেও এভাবে ছিল না। এখন খুব বিপজ্জনক হয়ে গেছে। রাতে চলাচল আরও ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে কোনো গাইড ওয়াল বা সুরক্ষাবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষার সময় খালের পানি ও স্রোতের চাপেই এ অংশ ধসে যায়। কিন্তু মেরামতের পরও স্থায়ী সমাধান নেওয়া হয়নি।

এ বিষয়ে এলাকাবাসীর দাবি—অতি দ্রুত সড়কটি সংস্কার করা, খালের পাশ ঘেঁষে স্থায়ী গাইড ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ অংশে অস্থায়ী ব্যারিকেড স্থাপন করা জরুরি।

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপই পারে বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে এবং মানুষের স্বাভাবিক চলাচল নিরাপদ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *