ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা- “মেয়েদের বড় হতে দিন, মানবাধিকারের পক্ষে দাঁড়াও”— এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরির পদ্মা ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে সার্ভিস অ্যান্ড ভিশন ফর এডিফাই (সেইভ)-এর আয়োজনে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাংবাদিক আহমেদ নাসিম আনসারী এবং পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেইভ-এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।
বক্তারা বলেন, কিশোরীদের উপর সহিংসতা ও বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। পরিবার, সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিদের কিশোরীদের অধিকার বিষয়ে আরও সচেতন হতে হবে। তারা আরও বলেন, সমাজে কিশোরীদের শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা অনেক সময় অবহেলিত থাকে। কিন্তু সম্মিলিত উদ্যোগ ও সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়ালে কিশোরীদের অধিকার নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল থেকে ঝরে পড়া কিশোরীদের পুনরায় শিক্ষার সুযোগ দেওয়া এবং মানবাধিকার রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

