পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুরঃ পিরোজপুরে যোগদানের পর প্রথমবারের মতো জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
পুলিশ সুপার বলেন,“সাংবাদিকরা ঝুঁকি নিয়ে মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কেউ সংবাদ সংগ্রহে বাধা দিলে বা ভয়ভীতি প্রদর্শন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন,
“নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা সহিংসতা যাতে না ঘটে—সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণিকে সম্পৃক্ত করে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
“মাদক ব্যবসায়ী বা তাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নিরাপত্তা, নির্বাচনকেন্দ্র পরিস্থিতি, কিশোর অপরাধ দমন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে মতামত তুলে ধরেন। পুলিশ সুপার এসব পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন—প্রেস ক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুক্কুর, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, সময় টিভির প্রতিনিধি মোঃ জিয়াউল হক, যায়যায় দিন-এর স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু, এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, দৈনিক আমার বার্তা, ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি ও জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্য চিত্র’র স্টাফ রিপোর্টার মোঃ মনিরুল ইসলাম চৌধুরী এবং জিটিভি প্রতিনিধি ও পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নাঈম তালুকদার।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যম সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

