চাঁদপুরের বাইপাস বঙ্গবন্ধু সড়কের বেহাল দশা: প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তি
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলা শহরের বাইপাস বঙ্গবন্ধু সড়কের করুণ অবস্থা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সড়কটি নির্মাণের পর বেশ কয়েকবার সংস্কার করা হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং নিম্নমানের কাজের কারণে আবারও আগের অবস্থায় ফিরে গেছে। ফলে ছাত্তার মিজি বাড়ীর সামনে থেকে দর্জিঘাট এলাকার ভূঁইয়া বাড়ি পর্যন্ত দীর্ঘ এই সড়কটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
বিশেষ করে রাতের বেলায় এ সড়কে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। সড়কের অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও কোথাও রাস্তা দেবে উঁচু-নিচু অবস্থার কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, চাঁদপুর সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দূরপাল্লার সিএনজি চালিত অটোরিকশা, অটোবাইক, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কের বিভিন্ন স্থানে অনিয়মিত, অসংখ্য গর্তের কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির উন্নয়ন কাজে বরাবরই গাফিলতি রয়েছে। নির্মাণকাল থেকেই ঠিকাদারের নিম্নমানের কাজ ও তদারকির অভাবে জনগণের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। তাই দ্রুত বঙ্গবন্ধু সড়কের সংস্কার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সড়কের পাশে ব্যবসায়ী আক্তার হোসেন বেপারী বলেন, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। এতে মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, চাকুরিজীবীসহ প্রতিদিন যাতায়াতকারী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
নিচ গাছতলা এলাকার সিএনজি চালক ইমরান বলেন, অনেক দিন ধরে এই সড়কের কোনো সংস্কার হয়নি। জায়গায় জায়গায় গর্ত হওয়ায় প্রতিদিনই গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। যাত্রীদেরও ভয় থাকে দুর্ঘটনার।
স্থানীয়রা দ্রুত এ সড়কের সংস্কারকাজ শুরুর মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

