তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান— ঝিনাইদহে রাশেদ খাঁন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা – গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, তফসিল ঘোষণার পরপরই তারেক রহমান দেশে ফিরবেন এবং জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই তারেক রহমানও যোগ্য ব্যক্তিকে বাছাই করতে জানেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, তারেক রহমানকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। নিরাপত্তার স্বার্থেই তাঁর জন্য সুরক্ষিত গাড়ির ব্যবস্থা করা হয়েছে—এতে দোষের কিছু নেই।
তিনি দাবি করেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের পরিকল্পনার মধ্যে প্রার্থীদের ‘টার্গেট কিলিং’-এর আশঙ্কাও রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

