ঝিনাইদহে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা- ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডাকবাংলা বাজারে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আলী আজম মোঃ আবু বকর।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা তাজুল ইসলাম ও জনাব কাজী ছগির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. মাওলানা হাবিবুর রহমান, তামান্না গ্রুপের এমডি আসাদুল হক মামুন, সদর উপজেলা সহকারী সেক্রেটারী মোঃ আলমগীর হুসাইন, সাগান্না ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত আমীর মোঃ ইউনুচ আলী এবং সেক্রেটারী ফিরোজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন ১নং সাধুহাটি ইউনিয়ন সেক্রেটারী আলম মিয়া।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সম্পর্কে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে— আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি বা কোরআন হাতে দাঁড়িপাল্লায় ভোট চাই। এসব সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।
তারা আরও বলেন,এসব বিভ্রান্তিকর বক্তব্যে জনগণ আর বিশ্বাস করে না। বরং অপপ্রচারকারীরাই জনসমর্থন হারাচ্ছে। বক্তারা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

