পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা মিনি স্টেডিয়ামের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মিনি স্টেডিয়ামের বহুল প্রত্যাশিত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আরও ১০ জেলায় মোট ১১টি উন্নয়ন প্রকল্পের সঙ্গে একযোগে এ স্টেডিয়ামের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহাবুব-উল আলম।
স্থানীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফজলুল আজীম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা কৌশিক মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকরা।
স্টেডিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে প্রকল্পের কাজের Notice of Award (NOA) প্রদান করা হয়েছে। খুব শিগগিরই নির্মাণকাজের টেন্ডার আহ্বান করা হবে বলে জানা গেছে।
ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন,
“তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়ায় সম্পৃক্ত করতে আমরা সারাদেশে আধুনিক ক্রীড়া সুবিধা বিস্তারে কাজ করছি। ইন্দুরকানীর এই স্টেডিয়াম ভবিষ্যতে স্থানীয় ক্রীড়া অঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে।”
স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা জানান, মিনি স্টেডিয়ামটি নির্মিত হলে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম নতুন গতি পাবে। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

