পিরোজপুর পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুরঃ পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সোমবার (১ ডিসেম্বর) পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট প্রধান নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
দপ্তরসমূহ পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ডে পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দেন। তিনি বলেন—
“জনগণের নিরাপত্তা ও সেবাই পুলিশের মূল দায়িত্ব। সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে। জেলায় কর্মরত প্রত্যেক সদস্যই আমার টিম—আপনাদের যেকোনো সমস্যা বা প্রয়োজনে দ্বিধাহীনভাবে কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করছি।”
তিনি আরও জোর দিয়ে বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও মনোবল অক্ষুণ্ণ রেখে জনতার আস্থা অর্জন করাই হবে তার মূল লক্ষ্য।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল আউয়ালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

