দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে — পীর ছাহেব ছারছিনা দরবার**
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছিনা দরবার শরীফে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল সোমবার (১ ডিসেম্বর) আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয়। আখেরী মুনাজাতের পূর্বে সমবেত লক্ষ লক্ষ ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আমীরে হিযবুল্লাহ, ছারছিনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
পীর ছাহেব কেবলা বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত টালমাটাল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের ৯২ শতাংশ মুসলিম জনতার স্বার্থ রক্ষায় অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। সামান্য ভুল সিদ্ধান্তের খেসারত জাতিকে যুগ যুগ ধরে দিতে হতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা ইসলামী হুকুমত কামনা করি; তবে ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জাম’আত বিরোধী কোনো ইজম বা মতবাদ কখনোই সমর্থনযোগ্য নয়। ইসলামের শুরু থেকে সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের হাত ধরে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেছে। বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশ আউলিয়ায়ে কেরামের ত্যাগ-তপস্যায় সিক্ত।”
ভক্তদের উদ্দেশে পীর ছাহেব কেবলা বলেন, “আবেগে হুজুগে বাঙালি হবেন না। যথাসময়ে আমাদের পক্ষ থেকে সঠিক নির্দেশনা পৌঁছে যাবে। তখন সবাই ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভূমিকা রাখবেন।”
তিনি নিয়মিত জিকির, দরূদ, অজিফা পালনের পরামর্শ দেন এবং প্রতিটি মসজিদে সাপ্তাহিক তা’লিমী জলসা চালুর আহ্বান জানান। পাশাপাশি দেশের প্রতিটি ওয়ার্ডে দ্বীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠায় পীর ভাইদের অঙ্গীকার গ্রহণ করেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূতের উপস্থিতি
আখেরী মুনাজাতে অংশ নিতে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ছারছিনা দরবার শরীফে আসেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব আস সাইদানী। মাহফিলে উপস্থিত থাকার জন্য তাকে পীর ছাহেব কেবলা আন্তরিক মুবারকবাদ জানান।
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ও আলজেরিয়াবাসীর বন্ধন ইসলামের। ভৌগোলিক দূরত্ব থাকলেও আমরা একই আদর্শে বিশ্বাসী—আহলুস সুন্নাত ওয়াল জামায়াত।”
তিনি ছারছীনা দরবারের ছাত্রদের আলজেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের আশ্বাস দেন এবং সুবিধাজনক সময়ে পীর ছাহেবকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান।
বাদ জোহর মীলাদ-কিয়াম শেষে পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন। ‘আমীন, আমীন’ ধ্বনিতে ছারছীনা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
মাহফিলে আলোচনা করেন—আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সিনিয়র নায়েবে আমীর, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ,ড.সৈয়দ মুহাঃ শরাফত আলী, চেয়ারম্যান, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ড,ড. মুফতি কাফিল উদ্দীন সরকার ছালেহী, সাবেক অধ্যক্ষ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা,মাওলানা মোঃ মাহমুদুল মুনীর হামীম, মুদীর, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া,মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা,মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—আলজেরিয়া দূতাবাসের আ্যাটাসে সুফিয়ান টুম, প্রযুক্তিগত প্রতিনিধি সাঈদ আচাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মোঃ রুহুল আমিন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

