পিরোজপুরে নতুন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী’র দায়িত্ব গ্রহণ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী( ২৭তম) বিসিএস উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুরে যোগদানের পূর্বে তিনি মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তাঁর অসাধারণ নেতৃত্ব, দক্ষতা ও পেশাদারিত্ব তাঁকে একজন দায়িত্বশীল ও প্রজ্ঞাবান কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী (পিপিএম), সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, ট্রাফিক ইনচার্জ, ডিআইও-০১ ডিএসবি, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার, কর্মকর্তা ও সদস্য বৃন্দ ।
নবাগত পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমন—সবক্ষেত্রে তিনি পিরোজপুরবাসীর আস্থা বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করবেন।

