দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান, কিন্তু দুদুর ভাষ্য যখন বুঝবো সব ঠিক আছে, তখন তারেক রহমান দেশে আসবেন

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: মায়ের সংকটকালে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।

যখন বুঝতে পারবো যে এখন সব ঠিক আছে, তখন তিনি (তারেক রহমান) দেশে ফিরে আসবেন- এমন কথায় জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। শামসুজ্জামান দুদু বলেন, গতকাল সারারাত দেশের মানুষ জেগে ছিল, নামাজ পড়ছিল। কারণ তাদের নেত্রী, গণতন্ত্রের মাতা খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। জাতীয়তাবাদী নেতৃত্বের এখন নেতা কিন্তু একজনই, সেটা হলো তারেক রহমান উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তিনি কেন দেশে আসছেন না? আমি বলবো, এটা তার ওপর ছেড়ে দেন। জাতীয়-আন্তর্জাতিকভাবে কিন্তু নানা ষড়যন্ত্র কাজ করছে, সেটা মাথায় রাখতে হবে। সুতরাং যখন বুঝতে পারবো যে এখন সব ঠিক আছে, তিনি দেশে ফিরে আসবেন। এসময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *