খুলনা দিঘলিয়া উপজেলায় হত্যা ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলায় হত্যা ও মাদকের একাধিক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি জামির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ধাওয়া করে খুলনার বয়রা এলাকা থেকে তাকে আটক করে দিঘলিয়া থানা পুলিশের একটি বিশেষ দল।
​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জামির শেখ দিঘলিয়া সদর ইউনিয়নের দেয়াড়া গ্ৰামের মৃত জাফর শেখের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দিঘলিয়াসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক এবং অন্যান্য গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে।
​দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের নির্দেশনায় ও নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই দুঃসাহসিক অভিযানে অংশ নেয়। অভিযানে এসআই জাহিদ হোসেন, এসআই ফিরোজ আলম, এএসআই রুবেল, এএসআই সাদিক, এএসআই তুহিন এবং কনস্টেবল ইমদাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলা থেকে জামিরকে ধাওয়া শুরু করে এবং শেষ পর্যন্ত খুলনার বয়রা এলাকায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, জামির শেখ একজন চিহ্নিত অপরাধী এবং সে দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
​তিনি আরও জোর দিয়ে বলেন, দিঘলিয়া এলাকায় সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক কারবারিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *