পিরোজপুরে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন, দুইজনের বিভিন্ন মেয়াদে দণ্ড
স্টাফ রিপোর্টার: পিরোজপুরে মাদক মামলায় এক নারীসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন জেলা ও দায়রা জজ আদালত। মামলার প্রধান আসামি শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
একই মামলায় আসামি মেহেদী হাসান মুন্না (১৯) কে ১ বছর ৯ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানা এবং ইকতার জাহান তিশা (২২) কে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ তিনজনকে আটক করে। পরে একই বছরের ১৩ ফেব্রুয়ারি অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত এক আসামিকে যাবজ্জীবন এবং দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। এ মামলায় একজন আসামিকে খালাস দেওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আকন বলেন, “মাদক মামলায় প্রধান আসামির যাবজ্জীবন দণ্ডসহ অন্যদের সাজার মাধ্যমে আদালত সঠিক বিচার নিশ্চিত করেছে।”

