পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত,আহত অবস্থায় গ্রেফতার-১
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত অবস্থায় আরেকজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. তরিকুল ইসলাম।
রোববার (২৩ নভেম্বর) ভোররাতে পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায়ের বাড়িতে ডাকাতদল ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের চেষ্টা করে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে আটক করে এবং গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. একেএম আসিফ মাহমুদ মহারাজ (৪৫) নামের এক ডাকাতকে মৃত ঘোষণা করেন। নিহত মহারাজের বাড়ি ঝালকাঠির নবগ্রাম এলাকায় বলে জানা গেছে।
আহত ডাকাত সদস্য সবুজ হাওলাদার (৫৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়।
আহত সবুজের ভাষ্যমতে, মোট চারজন মিলে তারা ডাকাতিতে অংশ নেয় এবং স্থানীয় এক ব্যক্তি ‘মনির’-এর সহযোগিতায় ঘটনাস্থলে যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালছে।

