ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না: বিএনপি নেতা

স্টাফ রিপোটার: ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে তাহলে কোনো কেন্দ্রে তারা কেউ এজেন্ট দিতে পারবে না- পাবনার চাটমোহরে এমনই হুঁশিয়ারি দিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। শনিবার সন্ধ্যায় চাটমোহরে বিএনপি প্রার্থীর পক্ষে গণমিছিল শেষে বালুচর খেলার মাঠে সমাবেশ থেকে তিনি এ হুঁশিয়ারি দেন। স্বপনের এমন বক্তব্যের পর চাটমোহর উপজেলাসহ পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুহূর্তে তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির কেউ নির্বাচনে নামতে চাইলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। তিনি বলেছেন, ‘ধানের শীষের বাইরে কেউ যদি নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোনও কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোনও লোক থাকবে না।’
শনিবার সন্ধ্যায় (২২ নভেম্বর) চাটমোহর বালুচর মাঠে বিএনপির নির্বাচনী জনসভা থেকে তিনি এ হুঁশিয়ারি দেন। জনসভাটি ছিল প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে আয়োজিত শক্তিপ্রদর্শন। সুজানগরের বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি তুহিনকে ‘বহিরাগত’ বলেও যে সমালোচনা আছে, সেটিকে পাশ কাটিয়ে শক্ত অবস্থান জানান স্বপন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর-মুজাহিদ স্বপন বলেন, ‘আমি বোঝাতে চেয়েছি বিএনপির সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে তাদের উদ্দেশে কথাটি বলা হয়েছে। আমি সব সময় চেষ্টা করবো বিএনপি সবাই একসাথে থাকবো।’ পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, ‘সে (নূর-মুজাহিদ স্বপন) এতো কাঁচা রাজনীতিবিদ নয়। আপনারা (সাংবাদিকরা) তার কথার ভুল ব্যাখ্যা করছেন। সে অন্য কিছু বোঝাতে চেয়েছে।’ এ ব্যাপারে জানতে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী ও কৃষক দলের সভাপতি হাসান জাফিরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *