ভোলাহাটে স্বামী-স্ত্রী হেরোইনসহ গ্রেফতার
ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বসতবাড়ির ভেতর খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়ের সময় ১৬৫ গ্রাম হেরোইনসহ
স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলার ২নং গোয়ালবাড়ী ইউনিয়নের সুরানপুর (কচিপাইকড়) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১) মোছাঃ ময়না (৪০), স্ত্রী-মোঃ রবিউল ইসলাম ২) মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা-মৃত সহিমুদ্দিন উভয়ের বাড়ি সুরানপুর (কচিপাইকড়), থানা-ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ। র্যাব জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ নানামুখী অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওইদিন জেলার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুরানপুর (কচিপাইকড়) গ্রামের একটি বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। সংবাদ পাওয়ার পর র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বসতবাড়ির দক্ষিণ দুয়ারী ঘর থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫। র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

