পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা শাখার উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। সকাল থেকেই শহীদ ওমর ফারুক মিলনায়তন এলাকায় অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সকাল ১০টায় সদর উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয় প্রদক্ষিণ শেষে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
সভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন, সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রব, বাগেরহাট জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহফুজ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল আউয়াল এবং সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করতে সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তারা অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে আরও বিস্তৃত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। মিলনমেলা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

