বিষ্ণুপুরে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা আক্তার বকাউল

মোঃ জাবেদ হোসেন:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার বকাউল।

১৯ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, প্রার্থীর পক্ষে সমর্থন চান এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব তুলে ধরেন।
ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে এদিন সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। এলাকার যুবসমাজ ও সাধারণ ভোটারদের মধ্যে বিএনপির নেতাকর্মীরা সরকারের নানান নীতিগত ব্যর্থতা, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন। গণসংযোগে তারা জোর দিয়ে বলেন— “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।”

গণসংযোগকালে নানা বয়সী স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নির্বাচনী প্রত্যাশা ও এলাকার উন্নয়নধর্মী সমস্যাগুলোও শোনেন আক্তার বকাউল। মানুষ তাদের দৈনন্দিন ভোগান্তি, কর্মসংস্থানের অভাব, রাস্তা-ঘাটের সমস্যা, স্বাস্থ্যসেবা সংকট এবং প্রশাসনিক হয়রানির মতো বিষয়গুলো তুলে ধরেন। সংশ্লিষ্ট নেতারা নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন,৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বশির খান
,সহসভাপতি স্বপন প্রধানীয়া,৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হাওলাদার,শ্রমিক দলের সভাপতি মো. খোকন হাজড়া,এ ছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের আরও বহু নেতাকর্মী সক্রিয়ভাবে অংশ নেন।
স্থানীয় নেতারা জানান, নির্বাচনে ধানের শীষে বিপুল ভোটে জয়লাভ নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়ায় ধারাবাহিকভাবে গণসংযোগ, মতবিনিময় এবং লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *