শেরপুরের নালিতাবাড়ীতে অন্ত:সত্ত্বা গৃহবধূ ও ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক দু’টি স্থান থেকে অন্ত:স্বত্বা এক গৃহবধূ ও ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকা এবং মঙলবার (১৮ নভেম্বর) ভোরে নয়াবিল ইউনিয়নে দক্ষিণ সিধুলী গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ বাজার এলাকার একটি ঘরে সাত মাসের অন্ত:স্বত্বা গৃহবধূ মুক্তা মীমকে (২০) ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । পরিবারের সদস্যদের দাবি রাতে স্বামী শাকিল নাঈমের সঙ্গে মোবাইলে ফোনে কথা বলছিল মীম। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মীমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মঙ্গলবার ভোরে নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলীতে ঝুলন্ত অবস্থায় আব্দুল হামিদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল হামিদের স্বজনেরা জানান রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পর ভোরে ঘরের ভেতর ধন্নার সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান দুটি ঘটনাতেই প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলাসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

