শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ আটক ২
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদককারবারিকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) রাতে নালিতাবাড়ী-নাকুঁগাও পাকা সড়কের শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওইসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন শেরপুর পৌরশহরের দক্ষিণ নওহাটা এলাকার আজাহার আলীর ছেলে জাহিদ হাসান এবং আব্দুল আজিজের ছেলে নিরব মিয়া ইউসুফ।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতলা কমিউনিটি ক্লিনিকের সামনে পুলিশের একটি টহলদল একটি অটোরিকশায় তল্লাশি চালায়। ওইসময় অটোরিকশা থেকে ৩টি বস্তায় রাখা মোট ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার ও জব্দ করা হয়। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ওই অভিযানটি পরিচালিত হয়েছে। আটক হওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

