পিরোজপুরে দৃষ্টিনন্দন “I ❤ PIROJPUR” নামফলকের উদ্বোধন করলেন পুলিশ সুপার
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সৌজন্যে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন “I ❤ PIROJPUR” নামফলকের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলকের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী সুবর্ণা আক্তার সম্পা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, ‘পজেটিভ পিরোজপুর’-এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পিরোজপুরকে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে পুলিশ সুপার বলেন—“পিরোজপুরের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের ইতিবাচক মনোভাব তৈরিতে যে কোনো ভালো উদ্যোগে পিরোজপুর জেলা পুলিশ সবসময় পাশে থাকবে। বিশেষ করে ‘পজেটিভ পিরোজপুর’—এই সংগঠনটি শুরু থেকেই যেভাবে শহরের উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত আছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের যেকোনো ভালো কাজে জেলা পুলিশ সহযোগিতা অব্যাহত রাখবে।”
তিনি আরো বলেন,“একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক পিরোজপুর গড়তে পুলিশ শুধু আইনশৃঙ্খলা নয়, বরং সামাজিক উন্নয়নেও জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। আজকের এই উদ্যোগ পিরোজপুরকে আরও আকর্ষণীয় ও পরিচিত করে তুলবে।”
“I ❤ PIROJPUR” নামফলকটি শুধু একটি নিদর্শন নয়—এটি শহরের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবোধ এবং নাগরিকদের মধ্যে ইতিবাচক শক্তি ও গর্ব ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুর জানিয়েছে—
তারা অতীতের মতো আগামীতেও ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।

